সিনিয়র রিপোর্টার : ঢাকার–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলা দায়ের করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান।
উক্ত মামলার আরজির বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মচর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। “বিবাহ” হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কোরআনের সূরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন।
অপরদিকে, বাংলাদেশের বিদ্যমান আইন “মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭”-এর ধারা ২ অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে পক্ষগণ যদি মুসলিম হন, তাহলে ইসলামী শরিয়াহ আইন প্রযোজ্য হবে। কোনো নাগরিক ধর্ম পালন না-ও করতে পারেন, কিন্তু ধর্মকে অপমান করা বা ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই। উক্ত মামলার বিবাদী সানজিদা ইসলাম তুলি ইসলামে বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
উক্ত মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিজ্ঞ আদালত পিবিআইকে আসামির বিরুদ্ধে অপরাধের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন