রিপোর্টার্স২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে আবারও অস্থিরতার সৃষ্টি হয়েছে। মালাক্কা প্রণালি ও এর আশপাশের জলভাগে থাকা নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এখন ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’হিসেবে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি মালাক্কা প্রণালির একই সাগর এলাকায় অবস্থান করছিল এবং এটি পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী শ্রীলঙ্কা উপকূলে থাকা আরেকটি লঘুচাপ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আগামী এক দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
তবে দুটি আবহাওয়াগত ব্যবস্থাই বাংলাদেশের উপকূলে কোনো ধরনের সরাসরি প্রভাব ফেলবে না বলে বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন। তাদের ভাষায়, ‘শেন-ইয়ার’ যতই শক্তিশালী হোক, এর গতিপথ বাংলাদেশের দিকে নয়। একইভাবে বঙ্গোপসাগরের লঘুচাপটিও যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তার পথও বাংলাদেশের উপকূলঘেঁষা হবে না।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দেওয়া নাম ‘শেন-ইয়ার’বা ‘সেনিয়ার’এর বাংলা অর্থ ‘সিংহ’। নামের মতোই শক্তিশালী হওয়ার লক্ষণ দেখা গেলেও এই ‘সিংহের গর্জন’বাংলাদেশে শোনা যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া বিভাগ।
রিপোর্টার্স২৪/ঝুম