বরিশাল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গত ১০ নভেম্বর উদয়কাঠী ইউনিয়ন বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর, ১৯ নভেম্বর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের বাহক অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উদয়কাঠী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির ইতোমধ্যে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে বিএনপির আদর্শ বাণী নিয়ে ছুটছেন, ভোট চাইছেন, বিএনপির ৩১ দফার প্রচার করছেন, নির্বাচনী এলাকায় জনসাধারণের নিকট বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের বার্তা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অধ্যাপক আমিনুল ইসলাম জাকির ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন নেতৃত্ব। তিনি ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির গণমাধ্যমকে জানান, সকল প্রতিকূলতা ও নির্যাতন উপেক্ষা করেও আমি উদয়কাঠী ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে দলের স্বার্থে সকল ত্যাগ স্বীকার করে দুর্দিনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি, এ কমিটি সকলের মতামত, অভিজ্ঞতা এবং সহযোগিতাকে সঙ্গে নিয়ে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য কাজ করবে। সকলের অংশগ্রহণ এবং ইতিবাচক ভূমিকা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও দৃঢ় করবে।
নতুন এ কমিটির মাধ্যমে উদয়কাঠী ইউনিয়ন বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।
রিপোর্টার্স২৪/মিতু