রিপো্রটার্স২৪ডেস্ক: ৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার আওতায় ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ সালের এক চিঠিতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৪৫৭টি শূন্য পদ ৪৫তম বিসিএসের নন-ক্যাডার অধিযাচন থেকে প্রত্যাহার করা হয়। ফলে এসব পদে আর সুপারিশ কার্যকর হয়নি।
পিএসসি জানায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্য যাচাই করে এই সুপারিশ দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রার্থীদের সব নথি ও তথ্যের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কোনো প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে ভুল বা মিথ্যা তথ্য দিলে, তথ্য গোপন করলে, জাল সনদ জমা দিলে, বয়স বা শিক্ষাগত যোগ্যতার সনদে টেম্পারিং করলে কিংবা প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার মনোনয়ন বাতিল হবে। গুরুতর অপরাধ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। চাকরিতে যোগদানের পরও এ ধরনের অসঙ্গতি প্রমাণিত হলে প্রার্থীকে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনোনীত প্রার্থীদের মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় প্রাক-নিয়োগ নিরাপত্তা যাচাইয়ের পর সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। প্রয়োজনবোধে উচ্চতা, বুকের মাপ, ওজনসহ অন্যান্য শারীরিক তথ্যও যাচাই করা হবে।
পিএসসি জানায়, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে কমিশন তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে। কমিশন থেকে মনোনয়ন পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বিধি-বিধান অনুযায়ী নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফলাফল পিএসসির ওয়েবসাইট bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd এ পাওয়া যাচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি