নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবার ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রূপসা বাজারে যৌথ বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে রাজধানী বেকারিকে ৩০ হাজার টাকা, একই অপরাধে রাজশাহী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স দেবীনাথ ফার্মেসিকে ১০ হাজার টাকা, একই অপরাধে বীথি ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকার কারণে বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, একই অপরাধে হাজী স্টোরকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জারা কসমেটিকসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ৯৮ হাজার টাকা।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার লঙ্ঘন থেকে বিরত থাকতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/এসএন