রিপোর্টার্স২৪ডেস্ক: জকসু নির্বাচন পেছানোর বিরোধিতা করে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল-ছাত্র অধিকার-সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বরাবর এ স্মারকলিপি জমা দেয় তারা।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পজনিত জরুরি পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের উদ্যোগ উদ্বেগজনক। জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া উল্লেখ করে এতে বলা হয়, নির্বাচনের সময়সূচি পরিবর্তন হলে শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা উৎসাহ ও অংশগ্রহণে নেতিবাচক প্রভাব পড়বে। জরুরি পরিস্থিতি কাটার সঙ্গে সঙ্গেই ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
প্যানেলটির তিন দফা দাবি হলো,
১. ২২ ডিসেম্বরের পূর্বনির্ধারিত নির্বাচন তারিখ কোনোভাবেই পেছানো যাবে না।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত তারিখেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
৩. গণতান্ত্রিক অংশগ্রহণ বজায় রাখতে নির্বাচন আয়োজনে বিলম্ব বা অনিশ্চয়তা সৃষ্টি করা যাবে না।
প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে ২২ ডিসেম্বরই ভোটগ্রহণ করতে হবে, কোনো যদি- কিন্তু ছাড়াই।
তফসিল অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারিত রয়েছে। ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা। এরপর ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। নির্বাচনের দিনই ভোট গণনা এবং ২২-২৩ ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করা হবে।