রিপোর্টার্স২৪ডেস্ক: বরিশালে স্কোপোলামিন বা ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে এক গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ২৭ বছর বয়সী ভুক্তভোগী। মামলায় ঢাকার মোহাম্মদপুরের মো. রাসেলকে একমাত্র আসামি করা হয়েছে। বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কথা বলে রাসেল ওই গৃহবধূকে গত ১২ নভেম্বর বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখানে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস ছড়িয়ে গৃহবধূ ও তাঁর নবজাতক সন্তানকে অচেতন করে ঢাকায় নিয়ে যায় চক্রের সদস্যরা।
অভিযোগ অনুযায়ী, ১২ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোহাম্মদপুরের একটি বাসায় আটকে রেখে রাসেল তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কৌশলে বিষয়টি স্বামীকে জানালে তিনি ঢাকায় গিয়ে তাঁকে উদ্ধার করে বরিশালে ফেরত নিয়ে আসেন।
এর আগে বরিশালে একই পদ্ধতিতে সর্বস্ব লুটের একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু এসব মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। চক্রের কোনো সদস্যকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি