রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (২৮ নভেম্বর) শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার পর আগামী ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হয় গত ২৯ অক্টোবর। প্রায় তিন সপ্তাহ ধরে আবেদন গ্রহণ শেষে ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয় অনলাইন আবেদন প্রক্রিয়া। পাঁচটি ইউনিটে মোট ৬ হাজার ১২৫টি আসনের জন্য এবার লাখের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজারের বেশি। প্রতি আসনের বিপরীতে প্রায় ৯০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করায় এই ইউনিটে প্রতিযোগিতা এবারও তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/আরকে