রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা সমিতি, রাবি–এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) টিএসসিসিতে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলী ও প্রবীণ সদস্যরা নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের রেজাউল করিম।
কমিটির অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি হয়েছেন সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের আসাদ আকন্দ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের নূর মোহাম্মদ হাসান শুভ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী আল-আমিন শাহ পরাণ দৌলত।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের পারিবারিক বন্ধনে একত্রিত করা আমাদের প্রথম লক্ষ্য। পাশাপাশি একাডেমিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও সক্রিয় করে সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা কাজ করব।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ময়মনসিংহের প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা ও নবীন-প্রবীণদের আনন্দমুখর মিলনমেলা।
রিপোর্টার্স২৪/আয়েশা