রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি এ কথা জানান।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ ও দোয়া শেষে নয়াপল্টন মসজিদ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতরাতে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”
তিনি আরও বলেন, “এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা দলের পক্ষ থেকে সারাদেশের জনগণের কাছে বাদ জুমা দোয়া চেয়েছি। আজ আমরা এখানে নামাজ আদায় করেছি এবং তার রোগমুক্তির জন্য দোয়া করেছি।”
তিনি বলেন, “আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছি- তিনি যেন দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ অবস্থায় দেশের মানুষের মাঝে ফিরিয়ে এনে কাজ করার সুযোগ করে দেন।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
রিপোর্টার্স২৪/আয়েশা