রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী বছর থেকে প্রথমবারের মতো নারীদের একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ‘উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ’ নামের এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট।
২০২২ ও ২০২৩ সালে ফেয়ার ব্রেক দুবাই ও হংকংয়ে ‘ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি-২০’ আয়োজন করেছিল। ২০২৪ সালে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।
এবার সৌদি আরবে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতা নিয়ে দেশটির বড় পরিকল্পনা রয়েছে। অন্তত পাঁচটি আসর আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। এতে ৩৫ দেশের নারী ক্রিকেটার অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফেয়ার ব্রেক, যা নারীদের ক্রীড়ায় সমতা আনার লক্ষ্যে ২০১৩ সালে যাত্রা শুরু করে, ছয় দল নিয়ে এই লিগ আয়োজনের জন্য আইসিসির অনুমতিও পেয়েছে। সৌদি আরবের ভিশন–২০৩০ এ নারী খেলাধুলার উন্নয়নকে গুরুত্ব দেওয়ায় এ আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটে অবস্থান শক্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে সৌদি আরব। ২০২৪ সালের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে জেদ্দায়। আইপিএলের সঙ্গে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের বড় অঙ্কের স্পনসরশিপ চুক্তিও রয়েছে। পাশাপাশি আইএল টি-২০–এর আসন্ন আসরের কিছু ম্যাচ সৌদিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিটি দলে একজন করে সৌদি ক্রিকেটার রাখার বাধ্যবাধকতা থাকবে।
নারী ক্রিকেটেও সেই প্রচেষ্টা বিস্তৃত করছে দেশটি। প্রথমবারের মতো নিজেদের মাটিতে নারী টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের মধ্য দিয়ে সৌদি ক্রিকেট নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/আয়েশা