রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। ভোর থেকেই বইছে শীতল হাওয়া, চারদিকে কুয়াশার চাদর আর ফসলি জমিতে জমে থাকা শিশির সব মিলিয়ে প্রকৃতি যেন আগেই জানিয়ে দিচ্ছে শীতের আগমন।
শনিবার (২৯ নভেম্বর) ভোরে ডিমলা আবহাওয়া অফিস ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা মৌসুমের এখন পর্যন্ত অন্যতম সর্বনিম্ন।
জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ঘাসের ডগা ও ক্ষেতজুড়ে ঝকঝকে শিশিরবিন্দু জমে আছে। দিনের বেলায় হালকা রোদ দেখা মিললেও রাত নামার সঙ্গে সঙ্গে আর ভোরবেলায় শীতের তীব্রতা স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে মধ্যরাতের পর ঠান্ডা হাড় কাঁপানো অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রিক্ষাচালক রহিম আলী জানান, ফজরের সময় গাড়ি নিয়ে বের হওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। কুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। হাত-পা বরফ হয়ে আসে।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলামের বক্তব্য, প্রতিবছরই নীলফামারীতে শীত একটু আগেই নামে। এখন সকাল-বিকাল বেশ ঠান্ডা লাগে। কুয়াশাও দিন দিন বাড়ছে।”
ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, ভোর ৬টায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এখন কুয়াশা পড়ছে, আগামী দিনগুলোতে শীত ও কুয়াশা আরও বৃদ্ধি পাবে। উত্তরের হিমেল হাওয়া এবারও যেন আগেভাগেই জানান দিচ্ছে কনকনে শীতের আগমন।
রিপোর্টার্স২৪/ঝুম