গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে আলহাম মিয়া জিমি হোটেলে ওঠেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ তাঁকে বিভিন্ন সময়ে ডাকলেও সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ৫০৫ নম্বর রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ওই সময় তাঁর কাছে থাকা কয়েকটি আইডি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।
নিহত আলহাম মিয়া রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে। ঘটনাটির বিষয়ে নিহতের পরিবারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা