চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শনিবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ হয় সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায়। রাত ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শহিদুল হক ফল ঘোষণা করেন। এসময় কমিটির অপর দুই সদস্য হানিফ উদ্দিন ও ছরেয়ারা হোসেনও উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিসহ সব মিলিয়ে ১০টি পদে জয় অর্জন করেছে। সাধারণ সম্পাদক পদে ফোরামের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং সহসভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচিত সভাপতি পদে মারুফ সারোয়ার বাবু ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও মোর্তজান হোসেন যথাক্রমে ১১০ ও ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) ৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ১৫৭ ভোট ও হারুনর রশিদ বাবলু ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে রুবিনা পারভীন রুমা ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সদস্য পদে মুহাম্মদ ইকরামুল হক ১৪৩, ফরজ আলী ১৪২, আশিকুর রহমান রাজ ও তানভীর আহম্মদ শাওন ১৩৫ ভোট করে নির্বাচিত হন। এছাড়া শরিফুল ইসলাম ১২৪ ও রাগিব আহসান ১০৭ ভোটে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ এস.এন.এ হাশেমী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরাজিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য: সভাপতি পদে মোসলেম উদ্দীন ৪০, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ২০ ও আকরাম হোসেন ১৪ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আব্দুল্লা আল মামুন ৮৭ ও সিরাজুল ইসলাম ৬৯ ভোটে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আহসান আলী ৭১, আসাদুজ্জামান আসাদ ৩৮ ও আনছার আলী ২ ভোটে পরাজিত হন।
নির্বাচনে মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দেন। এর মধ্যে ১১টি ভোট বাতিল হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মারুফ সারোয়ার বাবু বলেন, সমিতির সকল সদস্যের সহযোগিতায় বারের কার্যক্রম আরও শক্তিশালী হবে। আইনজীবীদের স্বার্থ রক্ষা ও বারের সার্বিক উন্নয়নে আমরা একসাথে কাজ করব।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ.স.ম. আব্দুর রউফ বলেন, ভোটারদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। বারের উন্নয়ন ও আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফোরাম সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
রিপোর্টার্স২৪/বাবি