খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি–শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি বলেন, পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পানছড়ি সাবজোনের তারাবনছড়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। রিজিয়ন কমান্ডার জানান, পাহাড়ি–বাঙালি সব জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতবস্ত্র এবং তিন শতাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই কর্মকর্তা কর্নেল আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, হেডম্যান–কার্বারী এবং গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
রিপোর্টার্স২৪/বাবি