কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে খেলার সময় ছয় শিশু–কিশোরকে অস্ত্রধারী দুর্বৃত্তরা অপহরণ করেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অপহরণের পর দুজন কৌশলে পালিয়ে এলেও চারজন এখনো নিখোঁজ রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ। তিনি জানান, ১৩ থেকে ১৭ বছর বয়সী ছয়জন খেলাধুলা করছিল। এ সময় পাহাড়ি এলাকা থেকে নেমে আসা সশস্ত্র ব্যক্তিরা অস্ত্রের মুখে তাদের ধরে গহিন পাহাড়ে নিয়ে যায়।
হাফেজ আহমদ বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী একযোগে পাহাড়ে তল্লাশি চালাচ্ছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি ধারণা করেন, মুক্তিপণের উদ্দেশ্যে এ অপহরণ সংগঠিত হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত ২১ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৭২ জনকে অপহরণ করা হয়েছে, যাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।
রিপোর্টার্স২৪/এসসি