রিপোর্টার্স২৪ডেস্ক: অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫–৩ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করে পয়েন্ট আদায় করেছে লাল–সবুজের ছেলেরা। রবিবার ভারতের চেন্নাইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩–৩ গোলের ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি কোরিয়ার দখলে। ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লি মিনহোক প্রথম গোল করেন। ১৩ মিনিটে সন সিহানগান ব্যবধান বাড়ান। ১৭ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে লি মিনহিয়োক গোল করলে বিরতির আগেই ৩–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল প্রথম গোল শোধ দেন। ৪৬ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান কমান তিনিই। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আমিরুল ইসলাম, আর বাংলাদেশকে এনে দেন মূল্যবান সমতা।
দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে থামিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নিল বাংলাদেশ। পরের ম্যাচে লড়বে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
রিপোর্টার্স২৪/বাবি