দ্বন্দ্ব
ঠিক বেঠিকের দ্বন্দ্ব,
অঘটন আর বেঘটনের কাদা ছোড়াছুড়ি,
সব জায়গায়, সকল করিডোরে,
আচরণে সভ্যতায় চলাচলে,
প্রকাশ্যে গোপনে, সামনে পেছনে।
হয়তো দিবালোক বনাম তিমির,
নয়তো তার উল্টো।
হাসি বনাম কান্না,
কিংবা বিপরীত।
ভদ্রোচিত বিনয়ী স্লোগান বনাম অশ্লীল কথার উলঙ্গ আস্ফালন।
শান্ত জিরাফের নীরব বিচরণ বনাম শকুন হায়েনার কাড়াকাড়ির উল্লাস।
হতে পারে উল্টোটাও।
যা-ই হোক না কেন,
মানতেই হবে মানবতার চরম বিপর্যয়।
হতভাগা মানবতা বিলুপ্তির পথে,
ধুলায় মিশে আজ পথে পড়ে কাঁদে,
তাকিয়ে দেখার সময় নেই কারো।
সত্য আর অসত্যের দ্বন্দ্ব
চারিদিকে চারিকোণায়,
যেদিকে চোখ যায়।
শান্তি দেবী আত্মগোপনে,
মাথার উপরে অসুরের ধারালো থাবা,
সুর হতে পারে অসুরের স্থলে,
যা-ই হোক, থাবা কিন্তু নখশূন্য নয়।
শ্বাস নিতেও যেন বেআরাম,
বন্ধ হয়ে যায় নিঃশ্বাসের নালী,
শুধু আকুতি ভরা জিজ্ঞেস,
এ বিদ্বেষের কবে হবে শেষ ?