রিপোর্টার্স২৪ডেস্ক: বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন করেছে উদীচী, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চলছে নতুনভাবে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মকবুল-এ-এলাহী মশগুল, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। সমাবেশ সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। শেষে উপস্থিত সবাইকে শপথ পাঠ করান মাহমুদ সেলিম।
আলোর মিছিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। শিখা চিরন্তনে শহীদদের স্মৃতির প্রতি ফুল ও প্রদীপ জ্বেলে শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা।
রিপোর্টার্স২৪/বাবি