রিপোর্টার্স২৪ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১১তম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি চলবে।
বিবৃতিতে বলা হয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব এবং আন্দোলনের নেতৃত্বে থাকা চার আহ্বায়কসহ দুই ব্যাচের শিক্ষকদের শোকজ করার প্রতিবাদে আজ দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশ হবে।
সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, উচ্চতর গ্রেডের জটিলতা দূরীকরণ এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে মঙ্গলবার বিকেলে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংগঠনটি আশা প্রকাশ করে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে প্রাথমিক বিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরানো সম্ভব হবে।