সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের এক বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা বুধবার (৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন।
ড. রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেন তারা।
হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে এই দলটি বাংলাদেশে এসেছে। স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে তারা পর্যায়ক্রমে চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসায় নতুন গতি আসবে।
গত ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন।
রিপোর্টার্স২৪/এসসি