ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প। বুধবার (৩ ডিসেম্বর) র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শ্মশানপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এজাহার সূত্রে জানা যায়, মুরাদের বাবার মৃত্যুকে কেন্দ্র করে দশ দিন আগে মুরাদ ও আলমের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। মুরাদ তার বাবার দোয়া মাহফিলে জিলাপি বিতরণ করলে আলম অপমানজনক মন্তব্য করেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর মুরাদ পবহাটি সিটি মোড়ে দাউদের সিমেন্টের দোকানে অবস্থানকালে আলমসহ অন্যান্য আসামিরা অতর্কিত হামলা চালায়। চাকু, হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করে মুরাদকে হত্যা করা হয়। পরে মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে আলমসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ মামলার এজাহারভুক্ত ৮ নম্বর পলাতক আসামি রাহাত (২৫) কে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য পলাতক আসামিদের আটক করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন