রিপোর্টার্স২৪ডেস্ক: অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচ খেলতে বুধবার সকালে চেন্নাই থেকে মাদুরাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সকাল ১০টার নির্ধারিত ফ্লাইটে রওনা হওয়ার পরিকল্পনা থাকলেও সময়মতো তথ্য না পাওয়া ও ফ্লাইট-সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত সড়কপথে যাত্রা করতে হয়েছে আমিরুল–রকিবুলদের।
দলীয় সূত্র জানায়, যাত্রার মাত্র এক ঘণ্টা আগে ফ্লাইটের সময়সূচি জানতে পারে বাংলাদেশ দল। তড়িঘড়ি করে বিমানবন্দরে পৌঁছাতে দলের বাসও দেরিতে আসায় নির্ধারিত বিমানে উঠা সম্ভব হয়নি। পরে কয়েক ঘণ্টার বাসযাত্রা শেষে দল পৌঁছায় মাদুরাইয়ে।
তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক করা ফরোয়ার্ড আমিরুল ইসলাম বলেন, ফ্লাইটের সূচি জানতে পারি যাত্রার এক ঘণ্টা আগে। এত কম সময়ে প্রস্তুতি নেওয়া কঠিন ছিল। তার ওপর টিম বাস নিয়েও সমস্যা ছিল। তাই সড়কপথে যেতে হয়েছে।
চলতি বিশ্বকাপে গ্রুপে তৃতীয় হয়ে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ সেরা তৃতীয় দল। এখন ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণী পর্বে খেলবে তারা। ৪ ডিসেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওমান। জয় পেলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ; এরপরও জিততে পারলে তারা লড়বে ১৭তম অবস্থানের জন্য।
আগামী ম্যাচ নিয়ে আশাবাদী আমিরুল বলেন, আগের মতো গোল করে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ওমানের বিপক্ষে লড়াই হবে কঠিন, তবে জয় আশা করছি। একসঙ্গে দীর্ঘদিন থাকার ফলে সমন্বয় ভালো হচ্ছে। ডাচ কোচও আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। এখন লক্ষ্য—স্থান নির্ধারণী পর্বে যতটা ওপরে ওঠা যায়।