তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: স্বচ্ছতা, জবাবদিহিতা, নীতি–নৈতিকতা ও সরকারি নিয়মনীতি মেনে জনসেবা প্রদানই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ইউএনও অফিস সবার জন্য উন্মুক্ত। এখানে আসতে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। দল-পরিচয় নয়, প্রতিটি নাগরিকই আমার কাছে গুরুত্বপূর্ণ।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইউএনও আরও বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও জনভোগান্তির চিত্র তুলে ধরেন বলেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকরা ইউএনও আমিনুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন আহম্মেদ, তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মিলন, সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি মো. শামীম হোসাইন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মো. মিলন মিয়া, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রতিনিধি মো. খালেদ হাসান স্বপন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসসি