কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ২০২৫ শিক্ষাবর্ষ সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরা আক্তার রুম্পা। প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তারের সার্বিক তত্ত্বাবধানে উৎসবের উদ্বোধন করেন রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস নদী ও ফাতেমা ফেরদৌসী রিক্তা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ সরকার, শম্পা সরকার, কলেজ শাখার অধ্যক্ষ মো. সরোওয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মো. আকরাম হোসেন রিপন, প্রভাষক সোহরাব সরকার, কো-অর্ডিনেটর মারুফ খান, প্রভাষক শাহ জুনায়েদ মোহাম্মদসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রি-প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ সাজিয়ে আলাদা আলাদা কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করে। রঙ-বেরঙের পোশাকে সাজে-গানে-নৃত্যে শিক্ষার্থীরা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
ছোট শিক্ষার্থীরা দোয়া, হাদিস, গান, নৃত্য, গজল, কবিতা ও অভিনয় পরিবেশন করে উপস্থিতদের মন জয় করে নেয়। এর আগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বিশাল কেক কাটা হয় এবং সবার মধ্যে বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি