রিপোর্টার্স২৪ডেস্ক: সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সঠিক সেবা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানবসম্পদে রূপান্তর করা সম্ভব। টেকসই উন্নয়নের মূল ধারায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণ এখন জরুরি, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, সারাদেশে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে ৩৮ লাখ ৩৫ হাজার ব্যক্তিকে চিহ্নিত করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ‘সুবর্ণ নাগরিক’ কার্ড বিতরণ চলছে। চলতি অর্থবছরে ৩৪ লাখ ৫১ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ভাতা এবং ৮১ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিবন্ধীদের শুধু আর্থিক সহায়তা নয়, বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিন দিনব্যাপী ‘প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা’ আয়োজনের মাধ্যমে তাদের প্রতিভা ও পণ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে।
সমাজের মানসিকতা পরিবর্তন, অবকাঠামোকে প্রতিবন্ধী-বান্ধব করা এবং কর্মক্ষেত্রে সুযোগ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সরকারি-বেসরকারি সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে সম্মাননা, সনদ ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
রিপোর্টার্স২৪/বাবি