যশোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগের অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে একজন মানুষ। তিনি বাংলাদেশের অভিভাবক এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। অভিভাবকের শূন্যতায় একটি পরিবার কতটা সংকটে নিমজ্জিত হয়, সেটা ওই পরিবার জানে। সমগ্র বাংলাদেশ আজ সেই উদ্বেগ এবং আশঙ্কার জায়গা থেকে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজির খান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন