স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেন। এর আগে ঘোষিত ২৩৭ জন প্রার্থীর সঙ্গে যুক্ত হয়ে মোট প্রার্থী সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৭৩ জনে।
নতুন তালিকার মধ্যে সবচেয়ে চোখে পড়ছে ঢাকা-১৮ আসন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এই আসনে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন ঘোষণার পরপরই এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি রাজনৈতিক মামলা হয়। তবু দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পাওয়ার যোগ্য করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, দলের আস্থা এবং জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা-১৮ এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।
নেতাকর্মীরা আশাবাদী, তার জনপ্রিয়তা এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।
রিপোর্টার্স২৪/এসসি