আন্তর্জাতিক ডেস্ক: আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য চুক্তি প্রধান এজেন্ডা হিসেবে থাকছে। ৩০ ঘণ্টার সফরে বৃহস্পতিবার রাতে মোদীর সরকারি বাসভবনে নৈশভোজে অংশ নেন পুতিন। সকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ ও রাজঘাটে শ্রদ্ধা নিবেদনের পর হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হবে।
এ বৈঠকে রাশিয়া থেকে অতিরিক্ত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, যৌথভাবে এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এসইউ-৫৭ নির্মাণে সহযোগিতার বিষয়ে সমঝোতা হতে পারে।
বাণিজ্য ঘাটতি কমাতে ভারত রাশিয়ায় কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও ওষুধ রপ্তানি বাড়াতে চায়। রুশ শিল্পখাতে ভারতীয় দক্ষ কর্মীদের সুযোগ বৃদ্ধিও আলোচনায় থাকতে পারে।
ইউরেশিয়ান ইকনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়া, জ্বালানি সরবরাহ নিশ্চিতে নতুন সমঝোতা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।
পুতিন এক সাক্ষাৎকারে জানান, মহাকাশ, পরমাণুশক্তি, জাহাজ ও বিমান নির্মাণসহ বিভিন্ন খাতে দুই দেশ আগামীর স্বার্থে একসঙ্গে কাজ করছে। ভারতের নেতৃত্ব ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসাও করেন তিনি। সূত্র: আনন্দবাজার
রিপোর্টার্স২৪/বাবি