স্পোর্টস ডেস্ক: ভারতের সুপার কাপ সেমিফাইনালে এক বিরল ঘটনার মুখোমুখি হলো ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির ম্যাচে মাঠে নামার আগেই লাল কার্ড পেলেন এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনা।
ঘটনা ঘটে ম্যাচ শুরুর ঠিক আগে, যখন দুই দল টানেলে দাঁড়িয়েছিল। রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গুয়্যারোক্সেনা। আচমকাই রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে টানেল ছাড়তে বলেন।
পরবর্তীতে জানা গেছে, এই ঘটনার মূল কারণ ছিল গুয়্যারোক্সেনার অন্তর্বাস। জার্সির নিচে পরা টি-শার্টের রঙ নিয়মবিরোধী ছিল এবং তা বিপক্ষ দলের জার্সির মতো মনে হয়েছিল। রেফারি এটি পরিবর্তনের নির্দেশ দেন, যা মানতে অস্বীকার করলে বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হয়।
গোয়ার কোচ মানোলো মার্কেজ বলেন, রেফারির সিদ্ধান্তে আমরা সবাই অবাক। ভেবেছিলাম বিষয়টি সহজেই মিটে যাবে, কিন্তু মাঠে ঢোকার পর জানলাম, গুয়্যারোক্সেনাকে লাল কার্ড দেখানো হয়েছে। ফলে আমরা ফাইনালে তাকে পাবো না।এক ফুটবল খেলোয়াড়ও বলেন, এমন ঘটনা জীবনে আগে দেখিনি।
তবে খেলা ১০ জনে খেলতে হয়নি গোয়াকে। নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগে লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের বদলে অন্যকে নামানো যায়। গুয়্যারোক্সেনার স্থলে নামেন স্প্যানিশ ফরওয়ার্ড জেভিয়ের সিভেরিও।
শেষ পর্যন্ত এফসি গোয়া ২-১ ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে ওঠে। আগামী রোববার তারা খেলবে ইস্টবেঙ্গলের সঙ্গে। প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে পাঞ্জাবকে হারিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি