স্টাফ রিপোর্টার : ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত।
রোববার (২৫ মে) ও সোমবার (২৬ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি অংশগ্রহণকারীদের সামনে রাষ্ট্র মেরামতের গুরুত্ব, ছাত্র রাজনীতির ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় আলোচিত হয়-বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রীয় দুঃশাসনের অবসান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং তার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা। এতে বক্তারা বলেন, এই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রস্তাব, যা ভবিষ্যৎ বাংলাদেশের পথচলায় মৌলিক দিকনির্দেশনা প্রদান করবে।
আয়োজকরা জানান, কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ছাত্রদলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতির মাইলফলক হিসেবে কাজ করবে।
এই কর্মসূচি অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ঐক্য, দায়িত্ববোধ ও লক্ষ্যপূরণে একাগ্রতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
রিপোর্টার্স২৪/আরএইচ