রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীরা সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় পরিবহন মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।
তিন ব্যাচের শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো:
অতিথি তালিকা পুনর্বিবেচনা, সমাবর্তনের তারিখ পুনর্বিবেচনা, রেজিস্ট্রেশন পুনরায় উন্মুক্তকরণ
লিখিত বক্তব্যে ৬০ ব্যাচের শিক্ষার্থী রাসেল কবির বলেন, সমাবর্তন ২০২৩ সালের নভেম্বরের পরিবর্তে হঠাৎ ডিসেম্বরের জন্য নির্ধারণ করা হয়েছে, যা জাতীয় নির্বাচনের আগে অযৌক্তিক। তিনি জানান, ১৭ ডিসেম্বরের তারিখ কর্মরত শিক্ষার্থীদের জন্য অসুবিধাজনক।
রাসেল আরও বলেন, অতিথি তালিকা নিয়ে অসন্তোষ থাকলেও এটি কাউকে অসম্মান করার উদ্দেশ্য নয়। প্রয়োজনে নির্বাচনের পর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেননি, তাই তা পুনরায় উন্মুক্ত করার মানবিক আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তারা জানতে চেয়েছেন, সমাবর্তনের ফি কোন ব্যাংকে রাখা হয়েছিল, কত লভ্যাংশ হয়েছে এবং বাজেট কিভাবে ব্যবহার হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যুক্তিসঙ্গত দাবি উপেক্ষা করছে। উপ-উপাচার্য (একাডেমিক) ফরিদ খানের ফেসবুক পোস্টে দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় হতাশা আরও বেড়েছে। দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ সম্মেলনে ৬০ ব্যাচের রাসেল কবির ও ৬১ ব্যাচের মো. আব্দুল্লাহ্ আল মামুন উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম