রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, তফসিল ঘোষণার অংশ হিসেবে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করবে বিটিভি। এ জন্য বাংলাদেশ টেলিভিশনকে সোমবারই চিঠি পাঠানো হবে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, এই সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এর আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। পাশাপাশি ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বিটিভিকে চিঠি পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেন।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় থাকছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের নির্বাচনগুলোর মতো এবারও ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচন সামগ্রী ভোটের আগের রাতেই প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম