রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল ১৯৭১ সালে লাখ লাখ মানুষকে হত্যা ও মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করলেও আজ তারা জনগণের কাছে ভোট চাইছে। অথচ জনগণ বহু আগেই একাত্তরেই তাদের চিনে নিয়েছে। তিনি অভিযোগ করেন, এখনো সেই দলটি নানা প্রতিশ্রুতির নামে জনগণকে বিভ্রান্ত করছে। যা আমার হাতে নেই তার প্রতিশ্রুতি দেওয়া স্পষ্ট শিরক, মন্তব্য করেন তিনি।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ বক্তব্য দেন। সকালে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। নানা ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে এসব ষড়যন্ত্র ভেস্তে যাবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে দেশ গড়ার লক্ষ্য পূরণ হবে না। আওয়ামী লীগ সরকারের অতীতের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ধীরে ধীরে দুর্নীতি কমিয়েছে। বর্তমান আদালতে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
২০০১ সালে আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে পরিস্থিতির উন্নতি ঘটানো হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে বিএনপি-ই সক্ষম।
তিনি বলেন, বিএনপি তিন বছর আগেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে। অতীতে সংকটের সময় দায়িত্ব নিয়ে বিএনপি বিভিন্ন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আবারও জনপ্রিয় দল হিসেবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
তারেক রহমান অভিযোগ করেন, বর্তমানে দেশের প্রতিটি সেক্টরে অরাজকতা বিরাজ করছে। নারী, শিক্ষা, পরিবেশসহ সব খাত নিয়েই বিএনপি আলোচনা করছে। শিক্ষকদের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,আমরা সিঙ্গাপুর নয়, স্বাবলম্বী বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের সময়ের মতো আবারও দলীয় প্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। নারী ও কৃষকের কল্যাণে বিএনপি কী পরিকল্পনা করেছে, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালক ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসসি