সিনিয়র রিপোর্টার: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার বিষয়ে ইসির স্পষ্ট অবস্থান জানতে তারা কমিশনে গিয়েছিলেন। বৈঠকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার, প্রবাসী ভোটার নিবন্ধনসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ব্যবহার নিয়ে ইসিকে জোরালো দাবি জানানো হলেও কমিশন ব্যয়ের বিষয়টি সামনে এনেছে। তবে তার মতে, সুষ্ঠু ভোটের স্বার্থে ব্যয় কোনো বিষয় নয়।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল ঘোষণার পর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই প্রশ্নও ইসির সামনে তোলা হয়েছে।
তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি। প্রশাসনের কিছু আচরণ নিয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য কমিশনের সামনে উপস্থাপন করেছি। এভাবে চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ইসি জানিয়েছে দলটির মালিকানায় কোনো ব্যাংক নেই, এবং পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এমন কাউকে নির্বাচন পরিচালনায় নিয়োগ দেওয়া হবে না।
ভোট নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসি যে আশ্বাস দিয়েছে, আমরা তা বিশ্বাস করতে চাই। তফসিল নিশ্চিত করতে এসেছিলাম। সিসিটিভি স্থাপনের বিষয়েও জোর দিয়েছি, প্রয়োজনে দাতাদের সহায়তা নেয়ার কথা বলেছি।
তিনি আরও বলেন, জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন, আর কমিশনও সে প্রত্যাশার অংশ। “আমরা আশা করি, তারা শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।”
রিপোর্টার্স২৪/এসসি