জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বিতর্ক চর্চায় অসামান্য অবদান ও সাংগঠনিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ বেস্ট এক্সিলেন্স পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।
গত ৮ ডিসেম্বর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে (জাবিপ্রবিকে) এই বিশেষ পদক প্রদান করা হয়। বিতর্ক চর্চার প্রসার,সমৃদ্ধি ও বিভাগীয় পর্যায়ে সফলভাবে বিতর্ক উৎসব আয়োজন করায় জাবিপ্রবি এই স্বীকৃতি অর্জন করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিতর্ককে জ্ঞানচর্চার অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এই অর্জনকে শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও যুক্তিবাদী মনন বিকাশে জাবিপ্রবির প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে মনে করেছেন। তিনি বলেন, এই অ্যাওয়ার্ড শুধু একটি স্বীকৃতি নয়, এটি আমাদের শিক্ষার্থীদের প্রজ্ঞা ও পরিশ্রমের প্রতি শ্রদ্ধা। আমরা বিতর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।
এনডিএফবিডি (NDF BD) কর্তৃপক্ষ জাবিপ্রবিকে দেশের বিতর্ক অঙ্গনে একটি অনুকরণীয় মডেল হিসেবে আখ্যায়িত করে তাদের প্রাতিষ্ঠানিক সমর্থন ও কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এই সম্মাননা প্রাপ্তিতে জাবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন মনে করেন,এই পুরস্কার ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বেশি করে বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের মাধ্যমে সুপরিচিত করে তুলবে। বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে আনন্দিত বিতার্কিকেরাও। জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া খান বলেন, এটি নিঃসন্দেহে জাবিপ্রবি ডিবেটিং সোসাইটি-এর জন্য একটি স্মরণীয় অর্জন। প্রতিষ্ঠা লাভের খুব অল্প সময়ের মধ্যেই আমরা একাধিক সফল আয়োজন করতে সক্ষম হয়েছি।
রিপোর্টার্স২৪/মিতু