স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানার বিসমিল্লা রোডের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে আপন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই সাজিদ জানান, দুপুরে কক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যান আপন। দীর্ঘসময় কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে তাকে বিছানায় অচেতন অবস্থায় পায় এবং পরিবারের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুরের বোয়ালমারীর মাহবুব মিয়ার সন্তান আপন ভাটারায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি