সিনিয়র রিপোর্টার: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার(৮ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সড়ক অবরোধ করা হয়। এসময় ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করে। এতে করে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম থাকায় অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ।আমরা চাই দ্রুত আইজিপিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। এরপর তার বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে শাহবাগ যানচলাচল বন্ধ রয়েছে। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
রিপোর্টার্স২৪/এসসি