স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছের কথা বহু আগেই জানিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুরুতে তার এনসিপি থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও পরে বিএনপি থেকে নির্বাচন করার কথা শোনা যায়। কিন্তু তিনি কিংবা কোনো দল এখনো স্পষ্ট করেনি তার নির্বাচনে প্রার্থী হওয়ার তথ্য।
এদিকে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সরকারের কোনো পদে থেকে কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ভোটে অংশ নিতে পারেন বলে কিছুদিন ধরে আলোচনা চলছে। এমনকি তফসিল ঘোষণার প্রাক্কালে তাদের সরকার থেকে পদত্যাগেরও আভাস পাওয়া গেছে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।’
নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের পর হঠাৎ-ই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে, কি বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি কর্মসূচিতে উল্লেখ করা হয়নি।
নির্বাচন কমিশনারের ‘উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া যাবে না’- বক্তব্যের পর আসিফ মাহমুদের ডাকা জরুরি সংবাদ সম্মেলনের কারণে প্রশ্ন উঠেছে, তবে কি পদত্যাগ করছেন আসিফ মাহমুদ? যেহেতু সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত হচ্ছিল। আসিফ মাহমুদ বুধবার এ বিষয়ে কথা বলতে পারেন বলে উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব