রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগকে ‘সরকারের নিরপেক্ষতার স্বার্থে সঠিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার(১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের মধ্যে একজন বলেছেন তিনি নির্বাচন করবেন। যিনি নির্বাচন করবেন, একটি অরাজনৈতিক সরকারের উপদেষ্টা হয়ে থাকা ঠিক নয়। সে কারণেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন। তিনি আরও জানান, তফসিল ঘোষণার আগে দাপ্তরিক কাজ শেষ করার সুযোগ পাওয়ায় পদত্যাগপত্র জমা দেওয়ার সময়টি উপদেষ্টার পক্ষে সুবিধাজনক হয়েছে।
আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা বলেন, আমরা তাঁর বক্তব্য সরাসরি শুনিনি। পত্রিকায় যা প্রকাশিত হয়, তা থেকেই জানি। তবে আমাদের মনে হয়েছে, সরকারের নিরপেক্ষতা রক্ষায় এই পদক্ষেপই যুক্তিযুক্ত।
দুই উপদেষ্টার পদত্যাগে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়েছে। এসব দায়িত্ব কারা পাবেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। পদত্যাগ কার্যকর হলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে তাঁদের পদত্যাগ কার্যকর হবে।
জুলাই গণ–অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে দলীয়ভাবে নাকি স্বতন্ত্র এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তিনি জানান, ঢাকা থেকে ভোট করবেন এটা নিশ্চিত। গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা বদলে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। ফলে ঢাকা–১০ আসন থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কি না সে বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এত দিন প্রধান উপদেষ্টাসহ ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।
রিপোর্টার্স২৪/এসসি