স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থানের ১৬ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসি জানায়, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ভোট ব্যবস্থাপনায় বাড়তি সময়ের প্রয়োজন হবে। এজন্য ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। তাদের অধীনে এটিই প্রথম জাতীয় নির্বাচন।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। এছাড়া ৩ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইসি।
রিপোর্টার্স২৪/এসসি