ঢাবি রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে টিএসসি চত্বর থেকে মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা ‘২০২৬ মার্কা মোদের ধানের শীষ’, ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’—সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বিগত চারটি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়েছে। ২০১৪ সালে বিনা ভোটের, ২০১৮ সালে রাতের ভোট ও ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ দেখা গেছে। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার সুযোগ এসেছে। যোগ্য প্রার্থী ও মার্কা দেখে ভোট দেওয়ার প্রতিশ্রুতি জানান তিনি।
তিনি আরও জানান, তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের জন্য তারা জনসাধারণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবেন এবং নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।
রিপোর্টার্স২৪/বাবি