এন্টারটেইনমেন্ট ডেস্ক: রুশ সাহিত্যিক মিখাইল বুলগাকভের বিখ্যাত উপন্যাস ‘দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা’ প্রথমবারের মতো ইংরেজিতে চলচ্চিত্র রূপ পাচ্ছে। ছবিটি প্রযোজনায় আছেন হলিউড তারকা জনি ডেপ। প্রয়োজন হলে তিনি অভিনয়ও করতে পারেন বলে জানা গেছে।
ডেপের প্রতিষ্ঠান আইএন.টু ফিল্মের ব্যানারে নির্মিতব্য ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত আছেন স্বেতলানা দালি, গ্রেস লো, স্টিফেন ডিউটার্স ও স্টিফেন মালিট। সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবিটির শুটিং শুরু হতে পারে ২০২৬ সালের শেষ দিকে; এখনো পরিচালক নির্ধারিত হয়নি।
উপন্যাসটির কপিরাইট নিয়ে দালি ও লো সম্প্রতি আইনি জটিলতায় জড়ালেও দাবি করছেন, বৈধ অধিকার তাদেরই হাতে। রুশ ও ইউরোপীয় সংস্করণ মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এখনো প্রদর্শিত হয়নি।
বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত এই উপন্যাসের গল্প ১৯৩০-এর মস্কোকে ঘিরে, যেখানে শয়তান ও তার কথা বলা বিড়াল অস্থিরতা সৃষ্টি করে। পাশাপাশি চলে পন্তীয় পিলাতের সময়কার ঘটনা এবং এক লেখক ও মার্গারিটার প্রেমকাহিনি।
এছাড়া জনি ডেপের আরও দুটি ছবি—চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারোল’র রূপান্তর এবং পেনেলোপে ক্রুসকে নিয়ে অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’—২০২৮ সালে মুক্তির অপেক্ষায়।
রিপোর্টার্স২৪/বাবি