স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রের প্রবেশপথে উপস্থিত থাকতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে।
এবারের লিখিত পরীক্ষা ১০০টি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে হবে, প্রতিটি ভুল উত্তর থেকে ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বৃদ্ধি করে ১ ঘণ্টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-১৫।
প্রবেশপত্র, কালো বলপয়েন্ট কলম, এবং প্রয়োজনীয় শিক্ষাগত নথি ছাড়া কোনো ব্যাগ, মোবাইল, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে। লিখিত পরীক্ষার ফল ও এসএসসি-এইচএসসির নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা নির্ধারিত হবে।
রিপোর্টার্স২৪/বাবি