রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীতে আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতের দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মিছিল শুরু হয়, যা ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কোনোভাবেই এটি বিতর্কিত হতে পারে না।”
ড. হেলাল উদ্দিন আরও বলেন, “ফ্যাসিবাদ মুক্ত করতে গণতন্ত্রকামী সব শক্তির ঐক্য যেমন প্রয়োজন হয়েছিল, তেমনি আগামী জাতীয় নির্বাচনে সব বাধা, ষড়যন্ত্র ও চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট, তাই দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”
তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করতে রাজনৈতিক দল হিসেবে জামায়াত সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এবং অন্যান্য দলকেও সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ মহানগর দক্ষিণের বিভিন্ন থানা আমির-সেক্রেটারি ও নেতারা।
রিপোর্টার্স২৪/আয়েশা