রিপোর্টার্স২৪ ডেস্ক: একসময় ওপার বাংলার টেলিভিশন পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করা স্বরলিপি চট্টোপাধ্যায় নতুন করে বিতর্কে জড়ালেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি পোস্ট করলেন, আর সেই ছবি দেখেই নেটিজেনদের একাংশের ক্ষোভ উস্কে গেল।
ঘুরতে গিয়ে গোয়ায় থাকা অবস্থায় স্বরলিপি বিভিন্ন সুস্বাদু খাবারের ছবি ভাগ করেছেন। তার প্লেটে অন্যান্য খাবারের পাশাপাশি দেখা গেছে বিফ স্টেকও। তবে এটাই হয়ে গেল বিতর্কের কেন্দ্রবিন্দু। গরুর মাংস খাওয়ার ছবি পোস্ট করায় অভিনেত্রীকে ঘিরে অনলাইনেই শুরু হয় তীব্র সমালোচনা।
নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, “আপনি নিজে হিন্দু ব্রাহ্মণ কন্যা, তা সত্ত্বেও কেন গরুর মাংস খাচ্ছেন?” অনেকেই ধর্মীয় বোধের ওপর আঘাত হিসেবে দেখেছেন। এমনকি কিছু সমালোচক স্বরলিপির মৃত্যু কামনাও করেছেন।
একজন মন্তব্য করেছেন, “গরুর মাংস খেয়ে ছবি দিচ্ছিস, তোর কপালে আরও কষ্ট আছে। মরতে পারিস না, আপদ যত।”
আরেকজন লিখেছেন, “এটা হিন্দুধর্মের অপমান, হিন্দুদের অসম্মান। আমি হিন্দু নারী হিসাবে তীব্র প্রতিবাদ করছি।”
তবে স্বরলিপি কমেন্টের জবাব দিতে পিছপা হননি। তিনি সমালোচকদের স্ক্রিনশট নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “খারাপ সময়ের গন্ধ পাচ্ছি কেন জানি। খুব খারাপ।”
অভিনেত্রী আরও বলেন, “আমি তো মানুষ। আমার পেটে যা সয় তাই খাই। খাবারের আবার জাত কী?”
বর্তমানে একা মা স্বরলিপি মেয়ে ও ক্যাফে ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা