রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড তামবাযা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও রাজনৈতিক যোগাযোগের দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সাক্ষাৎ চলাকালে মির্জা ফখরুল ও রাষ্ট্রদূত তামবাযা বাংলাদেশ মঙ্গোলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন বলে জানা গেছে। বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও গুরুত্ব পায়।
আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল।
বৈঠক শেষে উপস্থিত নেতারা জানান, রাজনীতি ও কূটনীতি দুই দিক থেকেই এ আলোচনা ছিল উষ্ণ, সৌহার্দ্যমূলক এবং চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ।
রিপোর্টার্স২৪/ঝুম