রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কোমায় আছেন। তাকে উদ্ধার করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, “ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় রয়েছেন।”
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।”
ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালে সাংবাদিকদের জানান, “তার জন্য বি-নেগেটিভ রক্ত প্রয়োজন।”
তারা আরও বলেন, “নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।”
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা খবর পেয়েছি তিনি বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি যাচাই করতে টিম পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা