রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।”
ডা. শফিকুর রহমান আরও জানিয়েছেন, “কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন।”
জানা গেছে, আজ (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় অস্ত্রধারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, দুপুর আড়াইটার পর হাদিকে হাসপাতালে আনা হয়। গুলি তার বাম কানের নিচে লেগেছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
রিপোর্টার্স২৪/আয়েশা