রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢামেকে পৌঁছান।
এর আগে হাদিকে দেখতে একই আসনে বিএনপি মনোনিত প্রার্থী মির্জা আব্বাসও ঢামেকে যান। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা হাসপাতালে উপস্থিত ছিলেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং তিনি বর্তমানে কোমায় রয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে আনা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক।”
রিপোর্টার্স২৪/আয়েশা